দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন চোরাই পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নরকোনা গ্রামের ভাঙারি ব্যবসায়ী ইব্রাহিমের বাড়ি থেকে এসব বই উদ্ধার হয়। সেখান থেকে দুটি অটোভ্যানে করে অন্যত্র পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় হোসেন মোবারক জানান, ইব্রাহীম হোসেন মাঝে মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে বিভিন্ন শ্রেণির বিনামূল্যের পাঠ্য বই কেজি দরে কিনে এনে বিক্রি করে আসছিলেন। গতকাল মঙ্গলবার সে বেশ কয়েক ভ্যান পাঠ্য বই ওই গুদাম থেকে কিনে আনে। তারপর বাড়িতে থেকে আজ বুধবার অন্যত্র পাচারের চেষ্টা করে। সন্দেহবশত গ্রামের কতিপয় যুবক খোঁজ নিয়ে দেখতে পান, সবই নবম-দশম শ্রেণির বিনামূল্যের পাঠ্য বই। তারা স্থানীয় সংবাদকর্মী এবং থানা পুলিশকে খবর দেন।
ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেন জানান, তিনি মধুপুর শিক্ষা অফিসের অনুমোদন সাপেক্ষে নাইটগার্ড তোফায়েল আহমেদের সহযোগিতায় গুদাম থেকে এসব বই কেজি দরে কিনে এনেছেন। কাজেই তার কোনো দোষ নেই।
উপজেলা একাডেমিক অফিসার মহিউদ্দীন জানান, তার অগোচরে নাইটগার্ড এ কুকর্ম করেছে। পরে মধুপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন ঘটনাস্থলে যান এবং পাঠ্য বই জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যের এসব পাঠ্য বই কীভাবে কোথা থেকে এলো তা তদন্ত করে দেখা হবে। মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।
/অ